গলায় তসবিহ আটকে শিশুর করুণ মৃত্যু

গলায় তসবিহ আটকে শিশুর করুণ মৃত্যু

স্ফুলিঙ্গ ডেক্স : ২৭ মার্চ ২০২৬

​সবেমাত্র কথা বলতে শেখা দেড় বছরের ছোট্ট তালহার প্রাণ কেড়ে নিল একটি তসবিহর দানা। চট্টগ্রামের মিরসরাইয়ে তসবিহ নিয়ে খেলার সময় অসাবধানতাবশত একটি দানা গিলে ফেলায় শ্বাসনালি বন্ধ হয়ে করুণ মৃত্যু হয়েছে শিশু তালহা বিন শহীদ ভূঁইয়ার। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার ইছাখালী ইউনিয়নের উত্তর ভূঁইয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

ছবি  সংগৃহীত

নিহত তালহা ওই এলাকার ব্যবসায়ী শহিদুল ইসলামের ছেলে। তার মা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতেই তসবিহ নিয়ে খেলছিল তালহা। খেলার একপর্যায়ে একটি দানা মুখে দিলে তা সরাসরি তার গলায় আটকে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এরশাদ উল্লাহ জানান, তসবিহর দানাটি শিশুর শ্বাসনালিতে আটকে যাওয়ায় অক্সিজেনের অভাবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। শুক্রবার (২৭ মার্চ) সকালে চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে তাকে মৃত ঘোষণা করেন। আজ বাদ জুমা পারিবারিক কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার চাচা মোরশেদ ভূঁইয়া।

চিকিৎসকরা জানিয়েছেন, ছোট শিশুদের হাতে গোল মার্বেল, তসবিহর দানা, বোতাম বা ছোট খেলনা দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সামান্য অসাবধানতায় এগুলো শ্বাসনালিতে আটকে কয়েক মিনিটের মধ্যেই প্রাণহানি ঘটতে পারে। ছবি সংগৃহীত।

    Comments

    No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *