স্ফুলিঙ্গ ডেক্স : ২৬ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক গরু চোরের সঙ্গে পুলিশের সহকারী উপপরিদর্শকের (এএসআই) কথোপকথনের অডিও ফাঁস হওয়ার পর তোলপাড় সৃষ্টি হয়েছে। চুরির আগে পুলিশ কর্মকর্তাকে ‘সহযোগিতা’ করার আগাম বার্তা দেওয়া এবং সেই চোরকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে এএসআই মোহাম্মদ মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) শাহ মোহাম্মদ আবদুর রউফ এই শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার সূত্রপাত বুধবার রাতে, যখন বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের দশানি গ্রামের মানিক মিয়ার একটি গরু চুরি হয়। গ্রামবাসী ধাওয়া করে পাশের বাঁশগাড়ি গ্রাম থেকে সন্দেহভাজন চোর আলাল মিয়াকে আটক করে এবং চুরি হওয়া গরুটি উদ্ধার করে। এসময় ক্ষুব্ধ জনতা আলাল মিয়ার মোবাইল ফোন জব্দ করলে বেরিয়ে আসে থলের বিড়াল।
আলালের মোবাইলে বাঞ্ছারামপুর মডেল থানার এএসআই মোহাম্মদ মাসুদের সঙ্গে নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। একটি ভয়েস রেকর্ডে শোনা যায়, চুরির আগে আলাল ওই পুলিশ কর্মকর্তাকে কল দিয়ে বলছেন, ‘চুরি করতে যাচ্ছি, অসুবিধা হলে সহযোগিতা করবেন।’ এছাড়া ইমোতে তাদের মধ্যে মাদক ও চুরির বিষয়ে দীর্ঘ চ্যাট এবং ফোনালাপের আলামত পায় স্থানীয়রা।
আটক আলাল মিয়া স্বীকার করেছেন যে, আগে মাদক চোরাকারবারিতে জড়িত থাকার সময় এএসআই মাসুদের সঙ্গে তার পরিচয় হয় এবং এই গরু চুরির সময়ও তিনি মাসুদের ‘সবুজ সংকেত’ পেয়েছিলেন। তবে অভিযুক্ত এএসআই মাসুদ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি তাকে না চিনে কথা বলেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার এসপি জানান, প্রাথমিক সত্যতা পাওয়ায় এএসআই মাসুদকে সাময়িক সাসপেন্ড করে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। অধিকতর তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফাইল ছবি।



