খোদ দুদক ডিজিকে কুপিয়ে ছিনতাই: সামুরাইয়ের আঘাতে দিতে হলো আইফোনের পাসওয়ার্ড

খোদ দুদক ডিজিকে কুপিয়ে ছিনতাই: সামুরাইয়ের আঘাতে দিতে হলো আইফোনের পাসওয়ার্ড

স্ফুলিঙ্গ রিপোর্ট : তারাবির নামাজ শেষে রাতের বাতাসে একটু হাঁটাহাঁটি করছিলেন প্রশাসন ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও দুদকের মহাপরিচালক মোতাহার হোসেন। কিন্তু কে জানত, রাজধানীর ব্যস্ততম সড়কেই ওত পেতে আছে সশস্ত্র ছিনতাইকারীরা! গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের শহীদ ফাইয়াজ চত্বর এলাকায় তিন ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।

​প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে জানা গেছে, হঠাৎ করেই চাপাতি ও সামুরাই নিয়ে তিন দুর্বৃত্ত ডিজি মোতাহার হোসেনকে ঘিরে ধরে। তারা তার কাছে থাকা আইফোন-১২ প্রো ম্যাক্স, হাতঘড়ি এবং নগদ ২০ হাজার টাকা ভর্তি মানিব্যাগ কেড়ে নেয়। তবে বিপদ সেখানেই শেষ হয়নি।

​দামি আইফোনটি আনলক করার জন্য তারা মোতাহার হোসেনের কাছে পাসওয়ার্ড দাবি করে। তিনি দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় পাশবিক নির্যাতন। ছিনতাইকারীরা সামুরাইয়ের উল্টো দিক দিয়ে তাকে আঘাত করে এবং বাম চোখে প্রচণ্ড ঘুষি মেরে জখম করে। একপর্যায়ে প্রাণে বাঁচার তাগিদে তিনি ফোনের পাসওয়ার্ড দিতে বাধ্য হন। এরপরই অপরাধীরা একটি অটোরিকশায় করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পরপরই আধুনিক প্রযুক্তির সহায়তায় ছিনতাই হওয়া মোবাইলের অবস্থান শনাক্ত করা হয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হলে একটি টহল টিম তাজমহল রোড এলাকায় তাদের ঘেরাও করার চেষ্টা করে। কিন্তু পুলিশের সামনে দিয়েই মোটরসাইকেলে করে পালিয়ে যেতে সক্ষম হয় ছিনতাইকারীরা।

এই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন দুদকের ডিএডি জাবেদ হোসেন সজল।

রাজধানীর এমন গুরুত্বপূর্ণ এলাকায় একজন উচ্চপদস্থ কর্মকর্তার ওপর এই হামলা সাধারণ মানুষের মনে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে।

প্রতীকী ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *