স্ফুলিঙ্গ রিপোর্ট :একই পরিবারের ৯ সদস্যের শেষ বিদায়ে নিস্তব্ধ হয়ে পড়েছে বাগেরহাটের মোংলা। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজ শেষে মোংলা পৌরসভার সরকারি কবরস্থানে পাশাপাশি কবরে শায়িত করা হয়েছে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো বর সাব্বিরসহ তার স্বজনদের।
গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে বরযাত্রীবাহী মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে এই ট্র্যাজেডি ঘটে। খুলনার কয়রা থেকে বিয়ে সেরে ফেরার পথে আনন্দঘন পরিবেশ মুহূর্তে বিষাদে রূপ নেয়। শেলাবুনিয়া গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের সাজানো সংসার আজ ধ্বংসস্তূপ। দুর্ঘটনায় তিনি হারিয়েছেন দুই ছেলে, এক মেয়ে, এক পুত্রবধূ ও চার নাতি-নাতনিকে। স্বজনহারা আশরাফুল আলম জনির আর্তনাদে ভারী হয়ে উঠেছে বাতাস; যিনি একই সঙ্গে হারিয়েছেন স্ত্রী ও তিন সন্তানকে।
এই ঘটনায় শোকাতুর পরিবারটির পাশে দাঁড়িয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও পুলিশ সুপার হাসান চৌধুরী। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে চালক নাঈম শেখের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় বর সাব্বির, তার ভাই আব্দুল্লাহ সানি, বোন সুমাইয়া ঐশী ও ভাগ্নে সামিউলসহ পরিবারের অন্যদের পাশাপাশি কনে মার্জিয়া আক্তার মিতু, তার ছোট বোন এবং নানি-দাদিও প্রাণ হারিয়েছেন। একটি উৎসবের সমাপ্তি ঘটল ১২টি তাজা প্রাণের বিসর্জনের মধ্য দিয়ে, যা পুরো এলাকায় এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।
ছবি-সংগৃহীত।


