স্ফুলিঙ্গ ডেক্স : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠস্বর নকল করে ২৬ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে মোতাল্লেস হোসেন নামে এক দুর্ধর্ষ প্রতারককে গ্রেপ্তার করেছে সিআইডি। সোমবার (১৬ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মোতাল্লেস হোসেন নিজেকে সাবেক প্রধানমন্ত্রীর লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করে আসছিলেন। বিশ্বাসযোগ্যতা বাড়াতে তিনি অত্যন্ত সুনিপুণভাবে বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করতেন।
বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অনুসন্ধানে এই চাঞ্চল্যকর প্রতারণার তথ্য বেরিয়ে আসে। বিএফআইইউ মোতাল্লেস ও তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ৯টি ব্যাংক হিসাব তদন্ত করে ২৬ কোটি ৮৪ লাখ টাকার সন্ধান পায়। জালিয়াতির প্রমাণ মেলায় ইতিমধ্যেই তার সকল ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।
২০২৪ সালের ৫আগস্ট পরবর্তী ১১ মাসে এই বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার খবর গত কিছুদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই মোতাল্লেস আত্মগোপনে ছিলেন। অবশেষে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় সোমবার বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সহায়তায় সিআইডি তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ছবি- ফাইল ফটো


