কোমল পানীয়র ক্যাপ ছোড়ায় লঙ্কাকাণ্ড: ছররা গুলিতে ৭জন হাসপাতালে

কোমল পানীয়র ক্যাপ ছোড়ায় লঙ্কাকাণ্ড: ছররা গুলিতে ৭জন হাসপাতালে

স্ফুলিঙ্গ ডেক্স :২২ মার্চ ২০২৬

কুষ্টিয়ার কুমারখালীতে মাত্র একটি কোমল পানীয়র বোতলের ক্যাপ ছোড়াকে কেন্দ্র করে তুচ্ছ বিবাদ শেষ পর্যন্ত রূপ নিল ভয়াবহ সশস্ত্র সংঘাত ও গুলিবর্ষণে। রোববার (২২ মার্চ) বিকেলে উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া এলাকায় এই অতর্কিত হামলায় অন্তত ৭ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। গ্রাম্য মাতব্বরি আর আধিপত্য বিস্তারের জেরে এই সংঘর্ষের ঘটনায় বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বেড় কালোয়া মোড়ে রতন শেখ নামের এক যুবক কোমল পানীয় পান করার পর বোতলের ক্যাপটি ছুড়ে মারেন, যা কাসেট নামের এক ব্যক্তির গায়ে লাগে। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে রতন তাকে মারধর করেন। পরে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মিটমাটের চেষ্টা করা হলেও বিকেলের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

​বিকেল সাড়ে ৫টার দিকে প্রতিপক্ষ ইয়ারুল শেখ ও নাসির উদ্দিনের নেতৃত্বে একদল সশস্ত্র লোক হেলমেট পরে দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে জামে মসজিদ এলাকায় অতর্কিত হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্লাস্টিকের বস্তা থেকে বের করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে অন্তত ৭ জন ছররা গুলিতে বিদ্ধ হন। আহতদের মধ্যে রাব্বি, জনি ও শারুফকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহতদের দাবি, তুচ্ছ ঘটনাকে পুঁজি করে পূর্বশত্রুতার জেরে এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। অন্যদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত ইয়ারুল শেখ পলাতক রয়েছেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। ফাইল ছবি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *