নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ) | ২৬ মার্চ ২০২৬
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে ভিন্ন পথে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। বিশেষ করে উপজেলার প্রধান বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স বেলী ফিলিং স্টেশনে তেল না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ গ্রাহকদের। এই ঘটনায় কোটচাঁদপুরজুড়ে ক্ষোভের ঝড় বইছে এবং সচেতন মহল প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সরেজমিনে দেখা যায়, মেইন বাসস্ট্যান্ড মসজিদ সংলগ্ন বেলী ফিলিং স্টেশনে তেল নিতে আসা মোটরসাইকেল আরোহী ও পরিবহন চালকদের দীর্ঘ লাইন। সকাল ১০টার পর থেকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, পাম্পে তেল থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং গোপনে চড়া দামে অন্যত্র তেল সরবরাহ করা হচ্ছে।
জ্বালানি তেলের এই টালবাহানায় মোটরসাইকেলসহ সব ধরণের যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয় সচেতন মহলের মতে, পাম্প মালিকরা নিজেদের মুনাফার স্বার্থে এই কৃত্রিম সংকট তৈরি করছেন। তারা অনতিবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে কঠোর তদারকি ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
কোটচাঁদপুরবাসী মনে করেন, জনস্বার্থে এই তেল সিন্ডিকেট ভাঙা জরুরি। সঠিক সময়ে তেল না পাওয়ায় সাধারণ জনগণের মধ্যে তীব্র নিন্দা ও প্রতিবাদের ভাষা ছড়িয়ে পড়ছে। দ্রুত মোবাইল কোর্ট বা প্রশাসনিক অভিযান না চালালে এই ভোগান্তি আরও চরম আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


