স্ফুলিঙ্গ ডেক্স : ২৭ মার্চ ২০২৬
ভরা গাঙে মাঝনদীতে তখন শত শত যাত্রী নিয়ে তরতরিয়ে এগোচ্ছিল ফেরি ‘কেরামত আলী’। হঠাৎই ইঞ্জিনরুমের দিক থেকে কুণ্ডলী পাকানো কালো ধোঁয়া আর আগুনের ঝলকানি! মুহূর্তেই শান্ত নদী উত্তাল হয়ে উঠল যাত্রীদের বাঁচার আকুতি আর আর্তনাদে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিটি লোড শেষ করে ঘাট ছাড়ার কিছুদূর যাওয়ার পরই আগুনের খবর ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে অনেক যাত্রীই নদীতে ঝাঁপ দেওয়ার উপক্রম করেন। বাসের চালক ও সহকারীদের মধ্যেও চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফেরির ভেতরে তখন কালো ধোঁয়ায় দমবন্ধ হওয়ার দশা। তবে ফেরি কর্মীদের তড়িৎ প্রচেষ্টায় বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি।
খবর পেয়ে শিবালয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। ফায়ার ফাইটারদের দক্ষতায় আগুন বড় কোনো রূপ নেওয়ার আগেই নিয়ন্ত্রণে আসে। বিআইডব্লিউটিসি-র ডিজিএম আব্দুস সালাম জানান, ফেরির সাইলেন্সার পাইপ জ্যাম হয়ে যাওয়ায় এই বিপত্তি ঘটেছিল। সাময়িকভাবে ফেরি চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। ছবি ভিডিও থেকে নেয়া।



