পরিবারের দাবি ‘পরিকল্পিত সাজানো’
স্ফুলিঙ্গ রিপোর্ট :যশোর শহরের উপশহর এলাকায় ‘বন্ধু আবাসিক হোটেল’ থেকে অস্ত্র ও ককটেলসহ রবিউল ইসলাম নিরব (৩০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার গভীর রাতে পরিচালিত এই অভিযানে হোটেলের একটি কক্ষ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবি করা হলেও পুরো ঘটনাটি নিয়ে এলাকায় রহস্য ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
ডিবির ভাষ্যমতে, গোপন খবরের ভিত্তিতে এসআই সালাউদ্দিন খানের নেতৃত্বাধীন একটি দল ট্রাকস্ট্যান্ড সংলগ্ন ওই হোটেলে অভিযান চালায়। এসময় হোটেলের ম্যানেজার নিরবের কক্ষের বিছানার নিচ থেকে পলিথিনে মোড়ানো একটি ওয়ান শুটারগান ও একটি ককটেল উদ্ধার করা হয়।
তবে এই ঘটনাকে ‘সাজানো নাটক’ বলে দাবি করেছে নিরবের পরিবার। তাদের অভিযোগ, নিরবকে ফাঁসানোর উদ্দেশ্যেই সেখানে আগে থেকে অস্ত্র রাখা হয়েছিল। এলাকার সাধারণ মানুষের মধ্যেও ডিবির এই অভিযান নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক নিয়ে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া প্রক্রিয়াধীন। ঘটনার সত্যতা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।


