স্ফুলিঙ্গ রিপোর্ট :
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন যশোরের দুই কৃতি সন্তান। উদীচী যশোর জেলা সংসদের সভাপতি ডি এম শাহিদুজ্জামান পুনরায় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্য তারা এই দায়িত্ব পালন করবেন।
গত ৩০ মার্চ (শনিবার) ঢাকা মহানগর নাট্যমঞ্চে উদীচীর একবিংশ জাতীয় সম্মেলনের নির্বাচনী অধিবেশন অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে আসা কাউন্সিলরদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই নতুন কমিটি গঠন করা হয়। অধিবেশনে দীর্ঘ আলোচনার পর যশোরের এই দুই জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্বকে তাদের বিগত দিনের কর্মতৎপরতার স্বীকৃতিস্বরূপ পুনরায় কেন্দ্রীয় নেতৃত্বে নিয়ে আসা হয়।
সাংস্কৃতিক রাজধানী খ্যাত যশোরের দুই শীর্ষ নেতার কেন্দ্রীয় কমিটিতে এমন বলিষ্ঠ অবস্থান নিশ্চিত হওয়ায় জেলার সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের জোয়ার বইছে। উদীচী যশোর জেলা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এই অর্জন যশোরের সাংস্কৃতিক আন্দোলনকে দেশব্যাপী আরও বেগবান করবে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ডি এম শাহিদুজ্জামান এবং সাজ্জাদুর রহমান খান বিপ্লবকে অভিনন্দন জানানো হয়েছে।
ছবি-সংগৃহীত


