উত্তাল পদ্মা : সিমেন্টবোঝাই ৩ট্রলার ডুবি, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

উত্তাল পদ্মা : সিমেন্টবোঝাই ৩ট্রলার ডুবি, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

স্ফুলিঙ্গ ডেক্স : ২০ মার্চ ২০২৬

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মায় হঠাৎ ঝোড়ো হাওয়ার কবলে পড়ে সিমেন্ট বোঝাই তিনটি বড় ট্রলার ডুবে গেছে। শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার বাঁশতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রলারগুলোতে থাকা প্রায় সাড়ে ছয় হাজার বস্তা সিমেন্ট নদীতে তলিয়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

নৌ-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সিমেন্ট বোঝাই করে ট্রলার তিনটি ঝালকাঠি, ইন্দুরকানি ও গৌরনদীর উদ্দেশে যাচ্ছিল। দুপুরে নড়িয়া এলাকায় পৌঁছালে হঠাৎ বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়। ঢেউয়ের তোড়ে একে একে তিনটি ট্রলারই মাঝপদ্মায় ডুবে যায়। ট্রলারে থাকা চালক ও শ্রমিকেরা তাৎক্ষণিক নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

একই সময়ে শরীয়তপুর-চাঁদপুর ও নড়িয়া-চরআত্রা নৌপথে চলাচলকারী অন্তত আটটি যাত্রীবাহী ট্রলারও ঝড়ের কবলে পড়ে। তবে চালকদের বুদ্ধিমত্তায় বড় কোনো দুর্ঘটনা ছাড়াই যাত্রীদের নিরাপদে তীরে নামিয়ে দেওয়া সম্ভব হয়।

সুরেশ্বর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল জলিল জানান, ঝড়ের কবলে পড়ে তিনটি পণ্যবাহী ট্রলার ডুবলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঝড়ের সময় অন্য যাত্রীবাহী ট্রলারগুলোকেও নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ভিডিও থেকে নেয়া ছবি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *