স্ফুলিঙ্গ রিপোর্ট :পবিত্র ঈদুল ফিতর দরজায় কড়া নাড়ছে। ঘরে ঘরে যখন আনন্দ আর নতুন পোশাকের প্রস্তুতি, ঠিক তখনই এক কিশোরের জেদ আর অভিমান একটি পরিবারে নামিয়ে আনল চিরস্থায়ী অন্ধকার। ফরিদপুরের ভাঙ্গায় ঈদের কেনাকাটার টাকা না পেয়ে মো. সাব্বির (১৫) নামের এক কিশোর আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের মাঠ গঙ্গাধরদী গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত সাব্বির ওই গ্রামের মিলন শেখের সন্তান।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে নতুন পোশাক কেনার জন্য বড় ভাইয়ের কাছে টাকা দাবি করেছিল সাব্বির। বড় ভাই তাৎক্ষণিকভাবে টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে কিশোর মনে চরম ক্ষোভ ও অভিমানের সৃষ্টি হয়। এরই জেরে সবার অলক্ষ্যে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহননের চেষ্টা করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
একটি তুচ্ছ বায়না পূরণ না হওয়ায় এভাবে একটি তাজা প্রাণ ঝরে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১৪ মার্চ, ২০২৬ ছবি সংগৃহীত।


