স্ফুলিঙ্গ ডেক্স:২১ মার্চ ২০২৬
পবিত্র ঈদুল ফিতরের দিনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ কাশেম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে পটিয়া বাইপাস সড়কের পাইকপাড়া পয়েন্টে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
নিহত মোহাম্মদ কাশেমের বাড়ি পটিয়া এলাকায় বলে জানা গেছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাস পটিয়া বাইপাস এলাকায় পৌঁছালে হঠাৎ এক পথচারীকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় বাসটি সড়কের ডিভাইডারের ওপর উঠে উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান কাশেম।
আহতদের মধ্যে ৭ মাস বয়সী শিশু মহিসোনা, ৯ বছরের আবদুর রহিম এবং ৫ বছরের সুলতানা রাজিয়াসহ বেশ কয়েকজন কিশোর ও নারী রয়েছেন। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “পথচারীকে রক্ষা করতে গিয়েই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যেয়ে একজন নিহত এবং বহু যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ছবি সংগৃহীত।


