ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না আর : ট্রাকে পিষ্ট হয়ে একই পরিবারের ৩জনের মৃত্যু

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না আর : ট্রাকে পিষ্ট হয়ে একই পরিবারের ৩জনের মৃত্যু

স্ফুলিঙ্গ ডেক্স : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছিলেন শরিফুল ইসলাম। কিন্তু পথিমধ্যে ঘাতক ট্রাক কেড়ে নিল তার এবং পরিবারের আরও দুই সদস্যের প্রাণ। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন এবং আশঙ্কাজনক অবস্থায় একজন হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত শরিফুল ইসলামের (৩৫) বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। তিনি পাটগ্রামে একটি এনজিওতে কর্মরত ছিলেন। ঈদের ছুটি কাটাতে স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে সকালে মোটরসাইকেলে করে নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি পাটগ্রামের মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাদের সরাসরি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলাম, তার স্ত্রী ও শিশু পুত্রের মৃত্যু হয়। এই ঘটনায় শরিফুলের একমাত্র কন্যা গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা করছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এই ঘটনায় এলাকায় এবং নিহতের গ্রামের বাড়িতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *