স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,২৭ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে কোতয়ালী মডেল থানার চাঁচড়া পুলিশ ফাঁড়ীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া বাজার সংলগ্ন রেলবাজার এলাকার একটি গলিতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুই নারীকে আটক করা হয়।
আটকরা হলেন তৃষ্ণা আক্তার প্রিয়া (২৪) ও রোকেয়া বেগম (৪০)। পরে তাদের তল্লাশি করে মোট ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মধ্যে প্রিয়ার কাছ থেকে ৫১ পিস এবং রোকেয়ার কাছ থেকে ১০ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৮ হাজার ৩০০ টাকা।
এছাড়া তাদের কাছ থেকে মাদক বিক্রির ৪২০ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
ছবি-আটক মাদক ব্যবসায়ী প্রিয়া


