আজ থেকে চাহিদামতো মিলবে পেট্রল-ডিজেল : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

আজ থেকে চাহিদামতো মিলবে পেট্রল-ডিজেল : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

স্ফুলিঙ্গ ডেক্স : জ্বালানি তেল নিয়ে চলমান সংকট ও গ্রাহকদের ভোগান্তি দূর করতে বড় ঘোষণা দিয়েছে সরকার। পবিত্র ঈদুল ফিতর ও বোরো মৌসুমের কথা মাথায় রেখে পেট্রল, অকটেন ও ডিজেল বিক্রির ওপর থাকা সব ধরণের বিধিনিষেধ বা রেশনিং ব্যবস্থা আজ রবিবার (১৫ মার্চ) থেকে তুলে নেওয়া হয়েছে। এখন থেকে যে কেউ তার প্রয়োজন অনুযায়ী পাম্প থেকে জ্বালানি সংগ্রহ করতে পারবেন।

রবিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই স্বস্তির বার্তা দেন। তিনি জানান, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে বেশ কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ফলে এখন আর তেল বিতরণে কড়াকড়ি করার প্রয়োজন নেই।

প্রতিমন্ত্রী তিনটি প্রধান কারণ উল্লেখ করে বলেন: ১. আমদানিকৃত তেলের নতুন সরবরাহ নিশ্চিত হওয়া। ২. সামনে পবিত্র ঈদুল ফিতর, যেখানে মানুষের যাতায়াত কয়েক গুণ বেড়ে যাবে। ৩. বোরো মৌসুমে কৃষকদের নিরবচ্ছিন্ন সেচ সুবিধা প্রদান।

তেলের দাম বাড়ার গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সরকার এই মুহূর্তে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করছে না। দেশের অর্থনীতি যতক্ষণ এই চাপ সইতে পারবে, ততক্ষণ তেলের দাম অপরিবর্তিত রাখার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

রেশনিং তুলে নেওয়ার এই সিদ্ধান্ত সারা দেশের সকল বিতরণ পয়েন্ট বা ফিলিং স্টেশনে কার্যকর করার কঠোর নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে যা যা করা প্রয়োজন, প্রশাসন তাই করবে।

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *