স্ফুলিঙ্গ ডেক্স :
কুষ্টিয়ার মিরপুরে দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে শফিকুল ইসলাম আজম (৫২) নামের এক আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদরপুর বাজারে একটি তামাকের গুদামে এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
আহত শফিকুল ইসলাম আজম উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মৃত আবুল মণ্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সদরপুর বাজারের একটি তামাকের গুদামে বসেছিলেন শফিকুল ইসলাম। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩ রাউন্ড গুলির খোসা এবং একটি ম্যাগাজিন উদ্ধার করেছে। এছাড়া হামলাকারীদের ফেলে যাওয়া একটি পরিত্যক্ত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
গুলিবিদ্ধ অবস্থায় আজমকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে এবং পরে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। জব্দকৃত আলামত ও মোটরসাইকেলটি থেকে হামলাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে ঠিক কী কারণে এই হামলা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ছবি-সংগৃহীত


