অবশেষে উদ্ধার হল নিখোঁজ পুলিশ সদস্যের লাশ

অবশেষে উদ্ধার হল নিখোঁজ পুলিশ সদস্যের লাশ

স্ফুলিঙ্গ ডেক্স :২১ মার্চ ২০২৬

ভোলার মেঘনা নদীতে অভিযানে গিয়ে স্পিডবোট ডুবিতে নিখোঁজ হওয়া পুলিশ সদস্য মো. ফখরুল ইসলামের (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তিন দিন পর শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা ইকোপার্ক সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

​নিহত ফখরুল ইসলাম বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি ভোলার লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তার চাহিদাপত্র অনুযায়ী একটি বিশেষ অভিযানে বের হয় পুলিশ ও মৎস্য বিভাগের একটি যৌথ দল। অভিযানে যাওয়ার পথে মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকায় হঠাৎ তাদের স্পিডবোটটি বিকল হয়ে যায়। এসময় ঘাটে থাকা ঢাকাগামী ‘কর্ণফুলী-১২’ লঞ্চের সাথে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়।

​বোট উল্টে যাওয়ার পর অন্য সদস্যরা তীরে উঠতে পারলেও কনস্টেবল ফখরুল তার সাথে থাকা সরকারি শর্টগানসহ নদীর অতল গহ্বরে তলিয়ে যান। এরপর নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা তিন দিন মেঘনায় চিরুনি অভিযান চালালেও তার কোনো হদিস মেলেনি। অবশেষে শুক্রবার সন্ধ্যায় স্থানীয়রা নদীর তীরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

দৌলতখান থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ পুলিশ সদস্যের মরদেহ শনাক্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ছবি সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *