১৭বোতল গেল কোথায় ?

১৭বোতল গেল কোথায় ?

স্ফুলিঙ্গ ডেক্স : গাজীপুরের শ্রীপুরে পরিত্যক্ত শৌচাগার থেকে বিদেশি মদের একটি বড় চালান উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। তবে ৪২ বোতল মদ হস্তান্তরের দাবি করা হলেও পুলিশ মাত্র ২৫ বোতলের কথা স্বীকার করায় এলাকায় ব্যাপক সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চিহ্নিত মাদক ব্যবসায়ী দুলাল ও রাজীবের মাদক বিক্রির খবর পেয়ে এলাকাবাসী জালাল উদ্দীনের বাড়ির একটি পরিত্যক্ত শৌচাগারে তল্লাশি চালায়। সেখান থেকে ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। খবর পেয়ে শ্রীপুর থানার চকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানুর রহমান ঘটনাস্থলে আসলে তার কাছে বোতলগুলো বুঝিয়ে দেওয়া হয়। মদ উদ্ধারের পুরো প্রক্রিয়াটি স্থানীয় এক যুবক ফেসবুকে লাইভ করেন।

গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানান, এসআই মিজানুর রহমানের সামনেই ৪২ বোতল মদ গোনা হয়েছে এবং তার উপস্থিতিতেই ছবি তোলা হয়েছে। কিন্তু পরে পুলিশ ২৫ বোতলের কথা বলায় জনমনে প্রশ্ন উঠেছে—বাকি ১৭ বোতল মদ গেল কোথায়?

তবে এসআই মিজানুর রহমান দাবি করেছেন, তিনি ২৫ বোতলের বেশি পাননি। এদিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মদের বোতল কম-বেশি হওয়ার পেছনে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *