স্ফুলিঙ্গ ডেক্স : আজ দুপুরে(১১ মার্চ)জামালপুরে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ এবং একজনকে বেকসুর খালাস দিয়েছেন বিজ্ঞ আদালত । পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। এই রায় দিয়েছেন জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- জামালপুর সদরের পাকুল্যা মধ্যেপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে মো. ফারুক হোসেন, আলী আকবরের ছেলে মুনছুর আলী ও শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন। অপরদিকে অপরাধ প্রমাণিত না হওয়ায় একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম খালাস পেয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে গৃহবধূর স্বামী একজন ব্রয়লার মুরগী ব্যবসায়ী। ২০২৩ সালের ১৯ জুলাই স্বামীর ব্যবসায়িক প্রয়োজনে সেলিম নামে এক ব্যক্তির বাড়িতে গিয়েছিলেন তারা। কাজ শেষে তারা রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পাকুল্লা এলাকায় স্বামীর সাথে বাড়ির দিকে ফিরছিলেন। এমন সময় আসামীরা তাদের দেখে বিভিন্ন রকম কথা বলে এবং খারাপ কিছু সন্দেহ করে। নিজেদের স্বামী ও স্ত্রী পরিচয় দেয়ার পরও তারা বিশ্বাস করেনি। পরে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে আসামিরা।
এ ঘটনার পরদিন গৃহবধূ বাদী হয়ে জামালপুর থানায় মামলা দায়ের করলে চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের অনুপস্থিতিতে আদালত তিনজনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
ছবি সংগৃহীত


