স্ফুলিঙ্গ ডেক্স :
ফরিদপুরের সালথায় সমাজকে মাদক থেকে রক্ষা করতে গিয়ে নিজেই হামলার শিকার হলেন এক সাবেক সেনা কর্মকর্তা। বুধবার (৮ এপ্রিল) রাতে একদল মাদকাসক্ত যুবক সালথা বাজারে অবস্থিত সার্জেন্ট শহিদুল ইসলামের ডায়াগনস্টিক সেন্টারে ঢুকে তাকে পৈশাচিক কায়দায় পিটিয়ে রক্তাক্ত করেছে। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
সেনাবাহিনীর সার্জেন্ট পদ থেকে অবসরে (এলপিআর) আসা শহিদুল ইসলাম সোহেল সালথা বাজারে একটি ডায়াগনস্টিক সেন্টার দিয়ে সাধারণ মানুষের সেবা দিচ্ছিলেন। বুধবার বিকেলে তার দোকানের সামনে নুরু বিশ্বাস ও তার সহযোগীরা প্রকাশ্য দিবালোকে গাঁজা সেবনের আসর বসালে শহিদুল তাদের বাধা দেন। একজন সাবেক সামরিক কর্মকর্তা হিসেবে অসামাজিক কাজের এই প্রতিবাদই কাল হলো তার জন্য।
বিকেলের সেই বাদানুবাদের জেরে রাত সাড়ে ৮টার দিকে নুরু বিশ্বাস, শামীম ও সোহেলসহ একদল অস্ত্রধারী সন্ত্রাসী আচমকা ক্লিনিকে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা বাঁশ ও কাঠের বাটাম দিয়ে শহিদুলের ওপর ঝাঁপিয়ে পড়ে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে বেধড়ক মারধর করছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর সালথা থানা পুলিশ এলাকা পরিদর্শন করলেও জড়িত কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি। যদিও ওসি বাবলুর রহমান খান জানিয়েছেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে, তবে প্রকাশ্য বাজারে একজন সাবেক সেনা সদস্যের ওপর এমন হামলার ঘটনায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছবি সংগৃহীত।
