স্ফুলিঙ্গ রিপোর্ট : দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সকালে যশোর-মাগুরা মহাসড়কে পাঁচবাড়িয়া বেলতলা এলাকায়। নিহত ব্যক্তি সদর উপজেলার জোতরহিমপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে আব্দুর রশিদ (৫০)।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকালেও আব্দুর রশিদ তার সহকর্মী অন্তরকে নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে রওনা হন। সকাল ৯টার দিকে তারা পাঁচবাড়িয়া বেলতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেল তাদের সামনে থেকে সজোরে ধাক্কা দেয়।সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তারা দুজনেই রক্তাক্ত জখম হন। পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রশিদকে মৃত ঘোষণা করেন। আহত অন্তরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
নিহত রশিদ শহরের পালবাড়ি মোড় এলাকার ‘সোনালী ট্রেডার্স’ নামক একটি গ্যাস সিলিন্ডার দোকানের সহকারী ম্যানেজার ছিলেন। রশিদের অকাল মৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ছবির সংগৃহীত


