প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

স্ফুলিঙ্গ রিপোর্ট : ২৮ মার্চ ২০২৬

যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসান ঘটাতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ‘সারাদেশে খাল খনন ও কৃষির উন্নয়ন’ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের বুরুলী খাল পুনঃখনন কাজের মধ্য দিয়ে এই মেগা প্রকল্পের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং জননেতা জনাব অনিন্দ্য ইসলাম অমিত।

শহীদ জিয়ার স্বপ্নের বাস্তবায়ন: প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অমিত বলেন, “খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। কিন্তু রাজনৈতিক সংকীর্ণতার কারণে পরবর্তী সরকারগুলো এই উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিল, যার খেসারত দিতে হয়েছে দেশের জনগণকে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী আবারও কৃষকের ভাগ্য উন্নয়নে খাল খনন কর্মসূচি চালু হয়েছে।”

ভবদহের উন্নয়নে সরকারের মহাপরিকল্পনা: প্রতিমন্ত্রী আরও জানান, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা চিরতরে দূর করতে সরকার একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় ৮১ দশমিক ৫০ কিলোমিটার নদ-নদী এবং ২১টি অভ্যন্তরীণ খাল পুনঃখননের কাজ চলমান রয়েছে। আগামী বর্ষা মৌসুমকে সামনে রেখে ভবদহে ২১ ভেন্ট স্লুইস গেটের ১৭টি কপাট খুলে পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপস্থিত নেতৃবৃন্দ ও এলাবাসীর প্রত্যাশা: অনুষ্ঠানে যশোর জেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট আইনজীবী সৈয়দ সাবেরুল হক সাবু এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তারা তৃণমূল পর্যায়ে সরকারের এই উন্নয়ন কর্মকাণ্ডে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বুরুলী খাল পুনঃখননের ফলে কেশবপুর উপজেলার বুরুলী, পাথরা, পাঁজিয়া, চুয়াডাঙ্গা ও কৃষ্ণনগর বিলের হাজার হাজার একর ফসলি জমি জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে এবং কৃষকরা তাদের সোনালী ফসল ঘরে তুলতে পারবেন।

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *