পর্যটকবাহী বাস পাহাড়ের খাদে: আহত ২০, ৫জনের অবস্থা আশঙ্কাজনক

পর্যটকবাহী বাস পাহাড়ের খাদে: আহত ২০, ৫জনের অবস্থা আশঙ্কাজনক

স্ফুলিঙ্গ ডেক্স : ২২ মার্চ ২০২৬

ঢাকা থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের বান্দরবান বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে বাসের সুপারভাইজারসহ অন্তত ২০ জন পর্যটক আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘সৌদিয়া’ পরিবহনের বাসটি ৪৩জন যাত্রী নিয়ে ঢাকা থেকে বান্দরবান আসছিল। সুয়ালক ক্যাম্পাসের উত্তর পাশে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি পাহাড় থেকে নিচে আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই স্থানীয় সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের উদ্ধারে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

খবর পেয়ে বান্দরবান সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাসের ভেতর আটকা পড়া পর্যটকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অধিকাংশ পর্যটক সামান্য আহত হলেও বাসের সুপারভাইজারসহ ৫জনের আঘাত বেশ গুরুতর।

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসে চালক ও হেলপারসহ মোট ৪৩ জন আরোহী ছিলেন। ১৫ থেকে ২০ জন যাত্রী বিভিন্ন মাত্রায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদের সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *