রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ): ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকায় গভীর রাতে সার্ভিস তার চুরির সময় দুই যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (১৮ মার্চ) ভোররাত পৌনে ৪টার দিকে পৌরসভার কলেজ স্ট্যান্ড সংলগ্ন তবি মিয়ার ফিলিং স্টেশন এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আটককৃতদের কাছ থেকে চুরিকৃত তার ছাড়াও একটি দামী মোটরসাইকেল, ধারালো অস্ত্র এবং নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে ওই এলাকায় বিদ্যুতের তার চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা রাত জেগে পাহারায় ছিলেন। বুধবার ভোরে চোরচক্রের সদস্যরা মো. আলী আহমদের মার্কেট ও আশপাশের বাড়ি থেকে সার্ভিস তার কেটে বস্তাবন্দি করছিল। বিষয়টি টের পেয়ে কামাল ড্রাইভারসহ কয়েকজন সাহসী বাসিন্দা চারদিক থেকে ঘেরাও করে ধাওয়া দিয়ে দুইজনকে জাপ্টে ধরেন। উত্তেজিত জনতা আইন হাতে তুলে না নিয়ে দৃষ্টান্ত স্থাপন করে তাদের পুলিশের হাতে সোপর্দ করেন।
আটকৃতরা হলো -মো. মিন্টু রহমান (৩৫): পিতা- মৃত মসলেম, গ্রাম- ফুলবাড়ি সমাজকল্যাণ কামারপাড়া (বর্তমানে কালীগঞ্জ কুঠিপাড়ার বাসিন্দা),মো. ফজলু হোসেন (৩০): পিতা- সিরাজুল ইসলাম, গ্রাম- চৌগাছা (বর্তমানে কালীগঞ্জ আড়পাড়ার বাসিন্দা)। তল্লাশি চালিয়ে আটককৃতদের কাছ থেকে একটি বস্তাভর্তি বিদ্যুতের তার, একটি হাঙ্ক (Hunk) মোটরসাইকেল, একটি ধারালো ছুরি, বেশ কিছু ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
প্রত্যক্ষদর্শী কামাল ড্রাইভার বলেন, “তার চুরির কারণে আমরা অতিষ্ঠ ছিলাম। আজ ভোরে হাতেনাতে ধরে ফেলেছি। পরে তল্লাশি করে তাদের কাছে মাদকও পাওয়া গেছে।” কোটচাঁদপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের হেফাজতে নেয়। পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে তার চুরি এবং মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এলাকায় চুরি রোধে পুলিশের টহল আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।


