স্ফুলিঙ্গ ডেক্স : ২৬ মার্চ ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যসহ মোট চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে কালাকচুয়া এলাকার মিয়ামি হোটেলের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দ্রুতগামী স্টারলাইন পরিবহনের একটি বাস পেছন থেকে একটি প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দিলে এই প্রাণহানির ঘটনা ঘটে।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা হলেন—মমিন, ঝরনা এবং শিশু লাবিবা। তারা সবাই একই পরিবারের সদস্য এবং তাদের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। এছাড়া প্রাইভেটকারের চালক আরশাদও এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি ঢাকা থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। মহাসড়কের বুড়িচং অংশের কালাকচুয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা স্টারলাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটিকে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় প্রাইভেটকারটি মুহূর্তের মধ্যে দুমড়ে-মুড়ছে লোহার স্তূপে পরিণত হয়। এতে চালক আরশাদ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় বাকি চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন জানান, নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালে রাখা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। ঘাতক বাসের চালক ও সহকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ছবি-সংগৃহীত


