স্ফুলিঙ্গ ডেক্স : পবিত্র ঈদুল ফিতরের আনন্দধারায় ভাগ বসাতে পারে পশলা বৃষ্টি। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্র ও শনিবার ঈদের সম্ভাব্য দিনগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর থেকে দক্ষিণ—পুরো দেশেই আগামী পাঁচ দিন আবহাওয়ার এই বৈরী রূপ বজায় থাকতে পারে। আবহাওয়াবিদদের মতে, লঘুচাপের প্রভাবে এই সময়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টি ও কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। তবে টানা বৃষ্টির চেয়ে ঝোড়ো হাওয়ার দাপটই বেশি থাকার আশঙ্কা করা হচ্ছে।
এদিকে গত বুধবার সন্ধ্যা থেকেই রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় কালবৈশাখীর আমেজ লক্ষ্য করা গেছে। গোধূলি বেলা থেকেই মেঘের গর্জনের সাথে শুরু হওয়া বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও দুশ্চিন্তায় পড়েছেন ফুটপাতের ব্যবসায়ীরা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মার্চ থেকে মে মাস পর্যন্ত কালবৈশাখী ও বজ্রপাতের প্রবণতা বেশি থাকে, তাই এই সময়ে ঘরমুখো মানুষ ও উৎসবমুখর জনতাকে বাড়তি সতর্ক থাকতে হবে। বিশেষ করে ২০ ও ২১ মার্চ বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ঈদের দিন আনন্দ উদযাপনের পাশাপাশি বজ্রপাত ও আকস্মিক ঝড় থেকে সুরক্ষায় জনসচেতনতার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
ছবি-সংগৃহীত


